ফ্রান্সের প্যারিসে আত্মঘাতি হামলার ঘটনা আইএস (ইসলামিক স্টেট) ঘটিয়েছে বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। শনিবার তিনি এসব কথা বলেন।
এ হামলাকে তিনি, ‘পরিকল্পিত ও বাইরে থেকে সংঘটিত’ বলে অভিহিত করেন।
স্থানিয় সময় শুক্রবার দিবাগত মধ্যরাতে দেশটির রাজধানী প্যারিসে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ১২৮ জন নিহত হয়েছে বলে সর্বশেষ তথ্যে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে বিভিন্ন গণমাধ্যমে নিহতের সংখ্যা দেড় শতাধিক বলে জানানো হয়েছিল।
দেশটির প্যারিস ও সেন্ট-ড্যানিসের ছয়টি স্থানে হামলা চালানো হয়। এর মধ্যে একটি কনসার্টে গুলি ও জিম্মির ঘটনায় শতাধিক লোক নিহত হয়েছেন।
উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে জরুরী অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। দেশটির সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশের সাধারণ নাগরিকদের ঘরে অবস্থান করার জন্য বলেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাড়তি নিরাপত্তার জন্য নগরজুড়ে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
ফ্রান্স পুলিশ জানিয়েছে, বাতাক্লান কনসার্ট হলে ১০০ জনের মতো লোককে জিম্মি করে অস্ত্রধারীরা। আমেরিকার একটি ব্যান্ড দলের কনসার্ট চলছিল তখন।
হত্যা ও জিম্মির ঘটনার পর পুলিশ কনসার্ট হলের চারপাশ ঘিরে রাখে। পরবর্তীতে পুলিশ জিম্মিদের উদ্ধারে ভারী অস্ত্রসহকারে সন্ত্রাসীদের ওপর আক্রমণ চালায়।
কনসার্ট হল ছাড়াও দুটি রেস্তোরাঁর পাশে ও স্টেডিয়াম এলাকায় হামলার ঘটনা ঘটে।
এদিকে ফ্রান্সে একাধিক হামলার ঘটনায় আমেরিকার প্রেসিডেন্ট বারাকা ওবামা নিন্দা জানিয়ে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি এ লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা ম্যার্কেল শোক ও নিন্দা জানিয়েছেন।
এআই





