ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত সহযোগিতা বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
আজ (১৪ আগস্ট) এই দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সপ্তম বার্ষিক যৌথ সম্মেলনও অনুষ্ঠিত হয়।
রাজধানী তেহরানে আজ এই চুক্তি সই হয় এবং চুক্তিতে ইরানের পক্ষে সই করেন সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাসেম রেজায়ি এবং ইরাকের পক্ষে সই করেন মেজর জেনারেল হামিদ আবদুল্লাহ ইব্রাহিম আল-হোসেইনি।
ইরান ও ইরাকের মধ্যে ১ হাজার ৬’শ ৯ কিলোমিটারের অভিন্ন সীমান্ত রয়েছে।
বৈঠকে জেনারেল রেজায়ি বলেন, এই অঞ্চল বিশেষ করে ইরাকের জন্য একটি বিশাল ষড়যন্ত্র করেছিল উগ্র-সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএস)। আর এই গোষ্ঠীর পেছনে মদদ রয়েছে বিশ্বের বলদর্পী শক্তিগুলোর। তবে আল্লাহর রহমতে সেসব ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব হয়েছে এবং মার্কিন-ইসরাইলের মদদপুষ্ট তাকফিরি চক্রান্ত ব্যর্থ হয়েছে।
এই সফলতার পর আগের যেকোনো সময়ের চেয়ে ইরান ও ইরাকের সীমান্তে যৌথ সহযোগিতা জোরদার করা বেশি জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন জেনারেল রেজায়ি।
এমবি





