ফিলিস্তিনের গাজার সাধারণ মানুষের জন্য আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রোববার বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডীন মি. শাহের মুহাম্মাদের হাতে এ অর্থ তুলে দেয় জামায়াতের একটি প্রতিনিধি দল।
চার সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। প্রতিনিধি দলের অন্য তিন জন হলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের, কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী সেক্রেটারী মতিউর রহমান আকন্দ এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
সাক্ষাতকালে তারা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নিকট জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদের লেখা একটি পত্র রাষ্ট্রদূতের হাতে হস্তান্তর করেন।
এই পত্রে মকবুল আহমাদ গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা এবং গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি ইসরাইলী হামলায় নারী-শিশুসহ যে সব লোক নিহত হয়েছে তাদের পরিবার-পরিজন এবং আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানান।
ফিলিস্তিনীদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব মুসলিমসহ সকল শান্তিকামী রাষ্ট্র ও জনগণের প্রতি আহবান জানান মকবুল আহমাদ। সেই সঙ্গে ইসরাইলীদের এ গণহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানান।
ঢাকা, ৩ আগস্ট (টাইমনিউজবিডি.কম) //জেডআই





