মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে সংঘর্ষের কারণে ৮ হাজার ৮৫০টি স্কুল ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে মোট ১ কোটি ৩০ লাখেরও বেশি শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছে।
জাতিসংঘ সর্তক করে দিয়েছে যে যদি এসব শিশুরা স্কুলে না ফিরতে পারে তাহলে একটি প্রজন্মের স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে।
ছয়টি দেশ ও অঞ্চলে সংঘাতে শিক্ষা ক্ষেত্রে প্রভাব বিষয়ক এক প্রতিবেদনে বৃহস্পতিবার ইউনিসেফ তথ্য জানায়।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ইউনিসেফের আঞ্চলিক পরিচালক পিটার সালামা বলেছেন, "সমগ্র অঞ্চলটিতে শিশুদের অধিকার দ্বারাই সংঘর্ষের ধ্বংসাত্মক প্রভাব বোঝা যায়।"
"এটা স্কুলগুলোর শুধু কাঠামোগত ক্ষতি নয়, বরং একটি প্রজন্মের স্কুল শিশুদের জন্য খুবই হতাশাজনক, কারণ তারা দেখতে পাচ্ছে তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ ধুলিসাৎ হয়ে যাচ্ছে।"
ইউনিসেফ জানিয়েছে, শুধু গত বছর সিরিয়া, ইরাক, লিবিয়া, ফিলিস্তিন অঞ্চল, সুদান ও ইয়েমেনে ২১৪টি স্কুলে হামলা হয়েছে।
সাড়ে চার বছর সংঘাতের পর সিরিয়াতে সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে শিক্ষা। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রতি চারটি স্কুলের একটি বন্ধ হয়ে গেছে। এর ফলে ২০ লাখের শিশু ঝরে পড়েছে এবং আরো পাঁচ লাখ শিশু স্কুল হারানোর ভয়ে আছে।
তাছাড়া ৫২ হাজার শিক্ষক চাকুরি ছেড়ে দিয়েছেন। ফলে দেশের শিক্ষা ব্যবস্থা ধুলিসাৎ করে একটি তীব্র দক্ষ জনগোষ্ঠী সঙ্কটের দিকে এগিয়ে যাচ্ছে।
জেডআই





