পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অস্থিতিশীলতার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত ও আফগানিস্তানের গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছেন সীমান্ত এলাকাটির সেনাবাহিনীর (এফসি) প্রধান মেজর জেনারেল শের আফগান।
সোমবার এফসি সদর দপ্তরে এক সংবাদ সম্মলনে শের আফগান অভিযোগ করে বলেন, প্রদেশটিতে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পিছনে ওই দুই দেশের গোয়েন্দা বাহিনী কাজ করছে।
তবে শত্রুদের পরিকল্পনা নস্যাৎ করে দিতে তাদের বাহিনী সক্ষম বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন, বেলুচিস্তানের সঙ্গে আফগানিস্তান সীমান্ত, ৪১৬ কিলোমিটার গ্যাস পাইপলাইন, তিনশ' কিলোমিটার রেললাইন ও আরো অন্যান্য স্থাপনায় ৫০ হাজারেরও বেশি সেনা সদস্য প্রহরা দিচ্ছেন।
সন্ত্রাসবাদকে প্রদেশটির সবচেয়ে বড় সমস্যা বলে মনে করেন এই সেনা কর্মকর্তা। তবে তিনি জানিয়েছেন যে বিদেশী মহলের সাহায্যের পরও মাত্র হাতেগোনা কয়েকজন দুষ্কৃতিকারী বর্তমানে সমস্যা সৃষ্টি করছে। তবে তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর কাছে অস্ত্র সমর্পণের শর্তে জঙ্গিদের পুনর্বাসন প্রক্রিয়ার জন্য সরকার ইতোমধ্যে ১০০ কোটি রুপি বরাদ্দ দেয়ার কথা জানিয়েছে। যারা শান্তি প্রক্রিয়ায় যোগ দিয়েছে তাদেরকে ইতোমধ্যে পাঁচ লাখ থেকে ১৫ লাখ রুপি দেয়া হয়েছে।
কোয়েটাকে সংঘাতমুক্ত করতে এবং আইনের শাসন নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন শের আফগান। সেই সঙ্গে আরো জানিয়েছেন যে এ বিষয় কোনো ধরনের ছাড় দেয়া হবে না।
প্রশাসন ও অন্যদের সাহায্যের কথা উল্লেখ করে এই সেনা অফিসার বলেন, আইন-শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন প্রদেশটিতে আইন শৃঙ্ক্ষলা পরিস্থির উন্নতির জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে।
এর আগে তিনি প্রদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন।সূত্র:ডন
জেডআই





