ইরানের বার্তা সংস্থা আইএসএনএকে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান এসব কথা বলেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, এত দীর্ঘ সময় ধরে বৈঠকে অংশ নেওয়ার সক্ষমতাই প্রমাণ করে খামেনি গুরুতর কোনো শারীরিক সমস্যায় ভুগছেন না। তাঁর ভাষ্য, ‘যে ব্যক্তি সাত-আট ঘণ্টা বসে আলোচনা করতে পারেন, তাঁর কোনো শারীরিক সমস্যা থাকতে পারে না।’ খামেনির সঙ্গে বৈঠকটি ‘খুবই ভালো’ হয়েছে বলেও জানান তিনি।

পেজেশকিয়ান জানান, বৈঠকে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন খামেনি। একই সঙ্গে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের বিষয়েও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

খামেনির শারীরিক অবস্থা নিয়ে নতুন করে নানা জল্পনা-কল্পনা শুরুর মধ্যেই পেজেশকিয়ান এসব মন্তব্য করলেন।

এর আগে রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি খামেনির একটি পুরোনো ভিডিও প্রকাশ করে। ওই ভিডিওতে তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা যায়।

ইসরাইলের কয়েকটি সংবাদমাধ্যমে খামেনি ‘অত্যন্ত সংকটজনক অবস্থায়’ রয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন—এমন খবর প্রকাশের পর ভিডিওটি সামনে আনা হয়।

শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যমগুলো ইরানের ভেতরের কয়েকটি সূত্রের বরাত দিয়ে খামেনির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে দাবি করেছিল।

তবে ইরানের কর্মকর্তারা এখন খামেনির সাম্প্রতিক কার্যক্রম ও বৈঠকের তথ্য প্রকাশ্যে তুলে ধরে এসব দাবির বিরোধিতা করছেন।

পেজেশকিয়ানের বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক বৈঠকে মূলত দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোই গুরুত্ব পেয়েছে। জাতীয় ঐক্য ধরে রাখা, অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের ওপর খামেনি জোর দিয়েছেন।

ইরান যখন রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তখন দেশটির সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে তৈরি হওয়া জল্পনা দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

তথ্যসূত্র: সামা টিভি