চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের মুসলমানদেরকে রোজা রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্রীয় কমিউনিস্ট সরকার। সেখানকার মুসলিম সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীদের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চীনের সরকারি ওয়েবসাইটের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে ডন।
চীনের কেন্দ্রীয় অ্যাথিস্ট অর্থ্যাৎ নাস্তিক সরকার বছরের পর বছর ধরেই জিনজিয়াংয়ের মুসলমানদের রোজা রাখার উপর এ নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।
উল্লেখ্য, জিনজিয়াংয়ের উইঘুর মুসলমানরা প্রদেশটিতে সংখ্যাগরিষ্ঠ। তারা প্রদেশটির স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। চীনের নিরাপত্তা বাহিনীর সাথে প্রায়ই ভয়ানক সংঘর্ষ হয় উইঘুর মুসলমানদের। এসব সংঘর্ষে বহু উইঘুর মুসলিম নিহত হয়েছেন।
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, উইঘুর মুসলমানদের উপর ধর্মীয় ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে তাদেরকে নিপীড়ন করছে চীনা সরকার। তাদেরকে জিনজিয়াং থেকে মধ্য এশিয়ার বিভিন্ন মুসলিম দেশে চলে যেতে বাধ্য করা হচ্ছে।
সরকারি ওই ওয়েবসাইটে বলা হয়েছে, 'সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা রমজানের রোজা বা অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড করতে পারবে না।'
উইঘুর মুসলিমরা অভিযোগ করেছেন, চীনা কর্মকর্তারা উইঘুর মুসলমানদের ঘরে ঘরে গিয়ে দিনের বেলায় খানা-পিনা করার জন্য উৎসাহিত করছেন এবং কেউ রোজা রাখছে কি না তা পর্যবেক্ষণ করছেন। সূত্র: ডন অনলাইন
ঢাকা, ০২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





