ফিলিস্তিনের রাজধানী হিসেবে পবিত্র বায়তুল মুকাদ্দাসকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরেদোগান।
তিনি বলেছেন, যেসব দেশ আন্তর্জাতিক আইন মানে তাদের উচিত বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা দেয়া।
ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র বিশেষ শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় এরদোগান আজ (বুধবার) একথা বলেছেন। তুরস্কের ইস্তাম্বুল শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে আমেরিকা’সহ বিশ্ব মানবতাকে হুমকির মুখে ফেলেছেন।
ইসরাইলকে তিনি দখলদার ও সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে বলেন, তেল আবিবের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তাকে পুরস্কার দিয়েছেন।
যেসব দেশ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে তাদের প্রশংসা করে এরদোগান বলেন, "ট্রাম্পের এই বেআইনি সিদ্ধান্ত একমাত্র ইসরাইল ছাড়া কেউ সমর্থন করে নি। যেসব দেশ মার্কিন সিদ্ধান্ত গ্রহণ করে নি আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।"
তিনি মার্কিন প্রেসিডেন্টকে এই বেআইনি, ভুল ও উসকানিমূলক সিদ্ধান্ত পরিবর্তন করার আহ্বান জানান।
উল্লেখ্য, মুসলিমদের কাছে জেরুজালেম শহরটি অত্যন্ত পবিত্র স্থান। এটিকে ইসলামের তৃতীয় সর্বোচ্চ পবিত্র শহর বলে মনে করা হয়। আর ফিলিস্তিনি-ইসরাইলের মধ্যে যুগের পর যুগ সঙ্কটের মূলে রয়েছে এই শহর। এ অবস্থায় ট্রাম্প এই শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছেন।
এর কড়া জবাব দিয়েছে তুরস্ক। তারা বলেছে, এমন ঘোষণা দিয়ে ট্রাম্প বিশ্বুজুড়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন, যার কোনো শেষ নেই। তাই ওয়াশিংটনকে তার অবস্থান পাঠানোর আহ্বান জানাতে ওআইসির জরুরি সম্মেলন আহ্বান করেছে তুরস্ক।
এ সপ্তাহে কাভুসোগলু বলেছেন, সব রাষ্ট্রের কাছে তুরস্ক দাবি জানায় যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নি তারা যেন সেই স্বীকৃতি দেয় এবং যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুধবারের সম্মেলন থেকে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করা হবে এবং ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় যে ভূখন্ড দখল করেছিল ইসরাইল তা দখলমুক্ত করতে আহ্বান জানানো হবে ইসরাইলের প্রতি।
ওই যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। এরপর তারা এর সীমানা বাড়াতেই থাকে। তবে তাদেরকে আন্তর্জাতিকভাবে এক্ষেত্রে স্বীকৃতি দেয়া হয় নি।
মুস্তাঈন





