ইয়েমেনের সাবেক প্রেসিডেন্টসহ পাঁচ গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে জাতিসংঘ। সম্প্রতি সংস্থাটির একটি বিশেষজ্ঞ দল তাদের বিরুদ্ধে হাউথি বিদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়ে দেশটিতে অশান্ত পরিবেশ সৃষ্টি করে গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাতের চেষ্টার প্রমাণ পেয়েছে। খবর আলজাজিরার।
নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্য তালিকায় রয়েছেন ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে একটানা ৩৩ বছর শাসন করা আলী আব্দুল্লাহ সালেহ ও তার ছেলে আহমেদ আলী, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ দেশটির রিপাবলিকান গার্ডের প্রধান ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবেও কর্মরত ছিলেন।
আরব কূটনীতিকদের বরাত দিয়ে আলজাজিরা জানায়, নিষেধাজ্ঞার তালিকায় শিয়াভিত্তিক হাউথি বিদ্রোহীদের নেতা আব্দুল মালিক আল-হাউথি, তার ভাই আব্দুল খালেক আল-হাউথি ও সংগঠনটির সামরিক শাখার প্রধান আবু আলী আল-হাকামও রয়েছেন।
সম্প্রতি হাউথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানাসহ বেশ কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। সরকার ও বিভিন্ন সংগঠনের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির পরও সংঘর্ষ অব্যাহত রেখেছে তারা।
দেশটির সাবেক প্রেসিডেন্ট সালেহর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি হাউথিদের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করে আসছেন। বিশ্লেষকদের অভিমত, তার সহযোগিতায়ই রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে হাউথি বিদ্রোহীরা।
বিশ্লেষকরা জানান, স্বাধীনতাকামী হাউথি বিদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়ে দেশটিতে অশান্ত পরিবেশ সৃষ্টি ও সরকার পতনের মাধ্যমে আবারও ক্ষমতায় বসতে চাচ্ছেন সালেহ।
ইআর





