বিড়ম্বনা এড়াতে এখন সব ধরনের ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হবে বলে জানিয়েছে ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (আইভিএসি)।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে পর্যটক ভিসার ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না বলে বৃহস্পতিবার আইভিএসি জানিয়েছে।
এ সিদ্ধান্তের কারণে ভারতীয় ভিসার জন্য অনলাইনে ফরম পূরণের পর জমা দিতে নির্ধারিত তারিখের জন্য আর অপেক্ষা করতে হবে না।
এর আগে অনলাইনে ফরম পূরণ করে পাওয়া নির্ধারিত তারিখেই সেন্টারে গিয়ে তা জমা দিতে হত।
অবশ্য গত ১ জানুয়ারি থেকে ঢাকায় শুধু চিকিৎসা ভিসার জন্য সরাসরি আবেদন গ্রহণ করা হচ্ছিল।
আর কয়েক মাস আগেই সব ধরনের ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হচ্ছিল চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন সেন্টারে।
এখন থেকে ঢাকার গুলশান, মতিঝিল, ধানমণ্ডি এবং খুলনার একটি সেন্টারে সরাসরি ভিসা আবেদন গ্রহণ করা হবে।
অনেকে অনলাইনে ফরম পূরণ করে তা জমা দেয়ার তারিখ পাওয়া নিয়ে বিড়ম্বনার অভিযোগ করায় প্রক্রিয়া সহজ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতীয় হাই কমিশন থেকে বলা হয়েছে।
এআর





