ইরানের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা মূলত আগ্রাসন ও নিপীড়ন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এ কারণে নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করতে হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, “নিষেধাজ্ঞা হচ্ছে একটি জাতির অধিকার লঙ্ঘন এবং তাদের ওপর নিপীড়ন চালানো। সে কারণে অবশ্যই আমাদেরকে এর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে এবং নিপীড়কদেরকে পিছু হটতে বাধ্য করতে হবে।”
প্রেসিডেন্ট রুহানি বলেন, 'নিষেধাজ্ঞা থাকা এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও তার প্রশাসন গত এক বছর কাজ চালিয়ে নিতে পেরেছে।'
পরমাণু ইস্যুতে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনার ক্ষেত্রে তেহরানের প্রতিনিধিদলের প্রতি তার সমর্থনের কথা উল্লেখ করে বলেন, “আলোচনা এগিয়ে নিতে হবে এবং এজন্য সময় নষ্ট করা ঠিক হবে না। আলোচনার মাঝ দিয়েই পরমাণু কর্মসূচির বিষয়ে একটি পথ বের করতে হবে। তবে এর মানে এই নয় যে, আমরা নিষেধজ্ঞাকে ভয় পাই কিংবা ভবিষ্যতে ভয় পাব।” সূত্র: আইআরআইবি
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





