নেপালে নিখোঁজ মার্কিন হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। চীনা সীমান্তের কাছে এ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে নেপালি সেনাবাহিনী আজ (শুক্রবার) জানিয়েছে।
গত মঙ্গলবার আট আরোহীসহ হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়। নেপালের চারিকোট এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণ বিতরণের সময় নিখোঁজ হয় হেলিকপ্টারটি।
মেজর জেনারেল বিনোজ বাসন্ত জানিয়েছেন রাজধানী কাঠমান্ডু থেকে উত্তরপূর্বে প্রায় ৭০ কিলোমিটার দূরে একটি জঙ্গলে বিমান থেকে ইউএইচ-১ওয়াই হিউই হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেখা গেছে। তবে কেউ বেঁচে আছে কিনা তা এখনো নিশ্চিত করা যায় নি বলে জানান তিনি। তিনি বলেন, ওই এলাকায় অবতরণ করার এবং বিস্তারিত তথ্য যোগাড়ের চেষ্টা চলছে।
এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র স্টিভ ওয়ারেন জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে রেডিওতে জ্বালানি সমস্যার কথা জানিয়েছিলেন হেলিকপ্টারটির ক্রু। নিখোঁজ হওয়ার সময়ে হেলিকপ্টারে ছয় মার্কিন মেরিন এবং দুই নেপালি সেনা ছিল।
গত ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর আমেরিকার ৩০০ সেনা এবং কয়েকটি বিমান ও হেলিকপ্টার দেশটিতে ত্রাণ বিতরণের কাজ করছে। রেডিও তেহরান
ইআর





