গতকাল রোববার সন্দেহভাজন জঙ্গিদের অতর্কিত হামলায় শান্তিরক্ষী বাহিনীর পাঁচজন সদস্য নিহত হয়েছেন। জাতিসংঘ ও পুলিশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

মালিতে মোতায়েন শান্তিরক্ষী বাহিনী মিনাসমার অভিযান চলাকালে ওই হামলার ঘটনা ঘটে। মিনাসমা এক বিবৃতিতে বলছে, প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় পাঁচজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আরেকজন গুরুতর আহত হন। তাঁকে অন্যত্র পাঠানো হয়েছে।

শান্তিরক্ষীরা কোন দেশের, জাতিসংঘ এখন পর্যন্ত তা নিশ্চিত করেনি। তবে মালির বামাকো পুলিশ সূত্রে জানা গেছে, তাঁরা পশ্চিম আফ্রিকার দেশ টোগোর নাগরিক।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন এই হামলার নিন্দা জানিয়েছেন। তাঁর মুখপাত্রের দেওয়া বিবৃতি অনুযায়ী, প্রাথমিকভাবে শান্তিরক্ষীরা টোগো থেকে এসেছেন বলে জানা গেছে।

ওই বিবৃতিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিব নিহত শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। তিনি অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান।

প্রথমে টোগোর চার শান্তিরক্ষী নিহত হওয়ার খবর জানা যায়। মালির মপতি অঞ্চলের সেভার শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মিনাসমার গাড়িতে হঠাৎ হামলা হয়। মিনাসমা অভিযান পরিচালনাকারী দলের প্রধান মাহামাত সালেহ আন্নাদিফ এই হামলাকে ঘৃণ্য ও কদর্য বলে চিহ্নিত করেছেন। আন্নাদিফও এই হামলার নিন্দা জানান।

জেড