জম্মু-কাশ্মীর সীমান্তে (লাইন অব কন্ট্রোল) ভারত ও পাকিস্তানী সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতের পাঁচ ও পাকিস্তানের তিন সেনা সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহা-পরিচালক মেজর জেনারেল আসিফ গাফুরের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আজ (১৫ আগস্ট) ভারতজুড়ে উদযাপিত হচ্ছে ৭৩তম স্বাধীনতা দিবস। এরই মধ্যে এই হতাহতের খবর এলো।  

এক টুইটবার্তায় গাফুর লিখেছেন, “জম্মু-কাশ্মীর ইস্যু আড়াল করতে ভারতীয় বাহিনী উসকানিমূলকভাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমাদের তিন সেনা নিহত হয়েছেন। এই ঘটনার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। এতে ভারতের পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক। এছাড়া একাধিক বাঙ্কার ধ্বংস করে দেয়া হয়েছ।”

এই ঘটনার পর থেকে সীমান্তে থেমে থেমে গোলাগুলি চলছে বলে জানিয়েছেন মেজর জেনারেল আসিফ গাফুর।

পাকিস্তানের নিহত তিন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে ডন। তারা হলেন- নায়েক তানভির, ল্যান্স নায়েক তৈমুর ও সিপাহি রমজান।

আজ ১৫ আগস্ট ভারতজুড়ে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। অন্যদিকে সম্প্রতি ভারত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ায় এই দিনটিকে ‘কালো দিন’হিসেবে পালন করছে পাকিস্তান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ ধারা বাতিল করে গোটা কাশ্মীরকে একতরফাভাবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারতের উগ্র-হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

এরপর থেকেই ১৪৪ ধারা জারি করে ভারত সরকার। তবে ধারা বাতিলের একদিন পর থেকেই ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে কাশ্মীরিরা। শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে অনেকেই নিহত হয়েছে। কিন্তু ভারত সবসময়ই বিক্ষোভের কথা অশিকার করে আসছে।

ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিলে তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। ভারতের পদক্ষেপের কারণে ওই অঞ্চলে উদ্ভূত সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানায় পাকিস্তান। কাশ্মীর প্রশ্নে ভারতের পদক্ষেপকে দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করা হয়েছে।

চীনও পাকিস্তানের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বৃহস্পতি বা শুক্রবার কাশ্মীর নিয়ে বৈঠকে বসার আহ্বান জানায়।

এরফলে জম্মু-কাশ্মীরের চলমান সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডেকেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টায় কাশ্মীর সংকট নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকের ব্যাপারে ইউএনএসসি প্রেসিডেন্ট জোয়ানা রোনেকা বলেন, খুব সম্ভবত ১৬ আগস্ট ইউএনএসসি জম্মু-কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে।

এমবি