যশোরের ঝিকরগাছায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পালসার বাবু নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে কাশীপুর ন’হাটি রিফিউজি পাড়ায় এ বন্দুকযুদ্ধ হয়। পালসার বাবু (৩০) ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামের খোকন হোসেনের ছেলে। র্যাবের দাবি, নিহত বাবু চিহ্নিত সন্ত্রাসী। বন্দুকযুদ্ধের সময় তাদের দুই কনস্টেবল আহত হয়েছেন। আর ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
যশোর-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়া সাংবাদিকদের জানান, উক্ত এলাকার একটি বাড়িতে একদল অস্ত্রধারী গোপন বৈঠক করছে- এমন গোপন খবরে র্যাব অভিযানে যায়।
উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে দুর্বৃত্তরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র্যাব সদস্য কনস্টেবল হাসান ও কনস্টেবল মাহবুব আহত হন। পরে র্যাবও পাল্টা গুলি চালায়।
এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাকিরা পালিয়ে যান। পরে লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান, র্যাবের খবর পেয়ে পালসার বাবুর লাশ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে।





