মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত থেকে খোয়াজ আলী (৩০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার সকালে সীমান্তের ১১০ নম্বর আন্তর্জাতিক পিলার এলাকায় কাঁটাতারের বেড়া সংলগ্ন নিজের (খোয়াজ আলী) জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। খোয়াজ দারিয়াপুর গ্রামের হাবেল শেখের ছেলে।

এদিকে আটকের বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দারিয়াপুর বিওপি।

বিএসএফের হাতে আটক কৃষক খোয়াজের স্ত্রী শাহানারা খাতুন জানান, দারিয়াপুর সীমান্তের চাতরের মাঠে ধানখেতে কাজ করার জন্য সকালে বাড়ি থেকে রওনা দেন খোয়াজ।

জমিতে শ্যালো ইঞ্জিন চালু করার সময় ভারতের তেহট্ট থানার ভিটেরপাড়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে পেটাতে পেটাতে কাঁটাতারের বেড়ার ওপারে নিয়ে গেছে।

মাঠের কৃষকরা এ খবর পরিবারকে দিলে পরিবারের পক্ষ থেকে দারিয়াপুর ও মুজিবনগর বিজিবি ক্যাম্পে জানানো হয়। তবে এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজিবি দারিয়াপুর বিওপি কমান্ডার জাকির হোসেন জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এমকে