বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় সিমেন্টবোঝাই ও পাথরবোঝাই দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ জন।

নিহত ব্যক্তির নাম তারা মিয়া (৩২)। দিনাজপুরের গুট্টিগ্রামের চান মিয়ার ছেলে তারা মিয়া সিমেন্টবোঝাই ট্রাকের চালক ছিলেন।

আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। তারা পাথরবোঝাই ট্রাকের চালক ও হেলপার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম জানান, বগুড়াগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১৫৭৫) উক্ত স্থানে এলে বিপরীতমুখী অপর একটি পাথরবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৬৭৯৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিমেন্টবোঝাই ট্রাকের চালক তারা মিয়া নিহত হন। অপর ট্রাকের চালক ও হেলপার আহত হন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এমই