বান্দরবানের থানচি উপজেলায় ২ মাসের জন্যে দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। ভারী বর্ষণের কারণে বান্দরবানের সাংগু নদীর উজানে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রশাসন সুত্র জানায়, প্রবল বর্ষণে সাংগু নদীতে উজান থেকে পাহাড়ি ঢলের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। মূলত জুলাই ও আগষ্ট এ দু’মাস সাংগু নদীর পানি উত্তাল থাকে। ফলে জেলার থানচি উপজেলা সদর থেকে উজানে বড়মদক পর্যন্ত শৈলভরা সাংগু নদীতে পানির প্রবাহ বিপজ্জনক থাকে। এ সময় স্থানীয়দের নদী ও পাহাড়ি পথে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়। এ অবস্থায় দেশি-বিদেশি পর্যটকদের ঝুঁকি এড়াতে এবং তাদের ওই ২মাস থানচি উপজেলার প্রাকৃতিক নিদর্শন নাফাকুম, রেমাক্রি ঝর্ণাসহ ৮টি পর্যটন স্পট ভ্রমণ করা থেকে বিরত থাকা আবশ্যক। সেকারণে প্রতিবছরের মত এবারও ১লা জুলাই থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত ২মাস পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





