দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে একই পরিবারের ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দুপুর ২টায় হিলি-বিরামপুর টেম্পুস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

পরে আটকদের ফেরত নিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) চিঠি দেয় বিজিবি।

আটক ভারতীয়রা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার কাওয়ালী গ্রামের মনো রায়ের ছেলে লিচু রায় (৩০), তার স্ত্রী কাজলী রায় (২৬), তাদের দুই মেয়ে লিপি রায় (৫) ও পপি রায় (২) এবং লিচু রায়ের ফুফাতো ভাই গাঙ্গু রায়ের ছেলে শিবেন রায় (৩০)।

আটকরা জানায়, বাংলাদেশে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসার জন্য ভারতীয় দালালের মাধ্যমে জনপ্রতি দেড় হাজার টাকা করে দেয় তারা।

পরে দালালচক্র তাদের দিয়ে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠায়। সেখান থেকে দিনাজপুর যাওয়ার পথে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের হিলি চেকপোস্ট বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে।

তাদের ফেরত নিতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বিএসএফ যখনই তাদের ফেরত নিতে চাইবে, তখনই তাদের হস্তান্তর করা হবে।

এসএইচ