বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া উপজেলার যুগেখালি ইউনিয়নে নিজ বাড়ি থেকে গ্রেফতার হন তিনি। রবিউল ইসলাম যুগেখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ সংক্রান্ত মামলা রেকর্ড করার জন্য চলতি বছরের ১৫ অক্টোবর কলারোয়া থানাকে নির্দেশ দেন সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এরপর মামলার আসামি ও তদন্তে বেরিয়ে আসা সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। রবিউল ইসলামকেও এ মামলায় গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, কলারোয়ায় এক মুক্তিযোদ্ধোর স্ত্রী গণধর্ষণের স্বীকার হলে তাকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরায় আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরার পথে বিএনপি নেতা ও সাতক্ষীরা-১ আসনের তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার গাড়ি বহরে হামলা চালায়। এ ঘটানায় কয়েকজন আহত হন।
ইআর





