বগুড়ায় ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে আধাঘণ্টা সড়ক অবরোধ করে এলাকাবাসী।

রোববার বেলা পৌনে ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই জনতা ঘাতক ট্রাক চালক আব্দুল মান্নানকে (৩০) আটক করে এবং ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। মহাসড়ক অবরোধ করে রাখায় উভয়পাশে অসংখ্য যানবাহন আটক পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  

ট্রাক চালক মান্নান বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সুখানগাড়ী গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত পরিচয়ের এই বৃদ্ধ মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে অবস্থিত মেডিকেল কলেজের দিকে যেতে রাস্তা পারাপার হচ্ছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মালবাহী একটি বেপরোয়া গতির ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৯১৮৯) এই বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। পরে খবর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বগুড়া সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল বাসার জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এছাড়া মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

কেএইচ