নীলফামারীর সৈয়দপুরে ভারতীয় প্রেমিক- প্রেমিকাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে শহরের মিস্ত্রিপাড়ার শেখরতালা এলাকায় আত্মগোপনে থাকা ওই প্রেমিক যুগলকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর থানার সূত্রাগড় সেনপাড়া লেনের সুফল বিশ্বাসের স্কুল পড়ুয়া মেয়ে প্রিয়া বিশ্বাস (১৪)। সে শান্তিপুরের সূত্রাগড় গালর্স হাইস্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী। পাশের ফকিরপাড়ার হীরু শাহের ছেলে নাঈম ওরফে শাহীনের (২১) প্রেমে পড়ে সে। প্রেমের সূত্রে ধরে তারা গত বছরের ২৩ জুলাই হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে চলে আসে।
এ ঘটনায় পরদিন ২৪ জুলাই সুফল বিশ্বাস বাদী হয়ে ভারতের শান্তিপুর থানা একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে প্রিয়ার পরিবার জানতে পারেন, তারা শাহীনের দাদার বাড়ি নীলফামারীর সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়ায় অবস্থার করছে। এ অবস্থায় প্রিয়ার বাবা তার মেয়েকে উদ্ধারে গত ১৫ মে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কাছে আবেদন জানান।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নীলফামারী জেলায় কর্মরত ইউনিয়ন সলিসিটর শারমিন সুলতানা শাপলা জানান, মানবিক বিবেচনায় আমরা প্রিয়াকে উদ্ধারে কাজ করেছি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, অন্য একটি দেশের দুই নাগরিক অবৈধভাবে এদেশে লুকিয়ে ছিল। খবর পেয়ে তাদের উদ্ধার করি। এ নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এএইচ





