ভারতের ত্রিপুরার রাঙ্গামুড়া থানার সালুকিয়া গ্রামের একটি গর্ত থেকে মো. রিপন মিয়া (৩৫)নামে কুমিল্লার চৌদ্দগ্রাম শাখা যুবলীগের এক কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে রাত ৯টার দিকে বিএসএফ লাশটি বিজিবির কাছে হস্তান্তর করে।নিহত রিপন মিয়া চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা এলাকার আব্দুল হকের ছেলে।
কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মোখলেসুর রহমান জানান, ১০ বিজিবির অধীনস্ত আমানগন্ডা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিকাল সাড়ে ৫টায় সীমান্ত পিলার ২১০৫/৮-এস হতে আনুমানিক ১৪০ গজ ভারতের অভ্যন্তরে সালুকিয়া নামক স্থানে একটি গর্তের মধ্যে বাংলাদেশি নাগরিক মো. রিপন মিয়ার গলাকাটা লাশ পাওয়া যায়। ৬ নং গোলপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাশটি রিপন মিয়ার বলে শনাক্ত করেন।
পরে ১০ বিজিবির আমানগন্ডা বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. সুরুজ আলী এবং ২৯ বিএসএফ ব্যাটালিয়নের আজগর রহমান পুরের কোম্পানি কমান্ডার এসি মনোজ কুমার সিংহ, স্থানীয় বাংলাদেশি ও ভারতীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়।
এআর





