চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে মানারুল ইসলাম (২৭) নামে এক বাংলাদেশি রাখাল নিহতের খবর পাওয়া গেছে।

আজ (২০ জুন) বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহত মানারুল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোন্নাপাড়া গ্রামের নুহু মোন্নার ছেলে।  

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত ৩টার দিকে গরু ব্যবসায়ীদের একটি দলের সঙ্গে মানারুল শিংনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ভোর ৫টার দিকে ওই দলটি ১৬ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে মানারুল মারা যান। নিহতের লাশ বর্তমানে ভারতীয় ভূখণ্ডে রয়েছে বলেও স্থানীয়রা জানান।

মনাকষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন এবং স্থানীয় হাইস্কুলের শিক্ষক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, মানারুল ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের গুলিতে ভারতের হারুনের আমবাগানে মারা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ন লে. কর্নেল সাজ্জাদ সারওয়ার বলেন, “ঘটনাটি শুনেছি। এর বেশি কিছু জানি না।”

এমবি