অবৈধ পথে ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোল সীমান্তে শিশুসহ ৫৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বেনাপোলের সাদীপুর সীমান্ত এলাকা থেকে রোববার রাতে আটকের পর সোমবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়।

আটকদের মধ্যে ২৮ জন পুরুষ, ১৬ জন নারী, ৯টি শিশু ও ৩ জন হিজড়া রয়েছে। তাদের বাড়ি যশোর, খুলনা, ফুরিদপুর, কুষ্টিয়া, নড়াইল, পিরোজপুর, ঢাকা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে।

যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, আটকরা সবাই বাংলাদেশী নাগরিক। এরা ভারতের বিভিন্ন শহরে কাজ করত। সীমান্ত পার করে দেওয়ার কথা বলে ওপারের দালালরা তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ওদের ফেলে দালালরা পালিয়ে যায়।

তিনি জানান, রোববার রাতে বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের টহলদল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে রাতে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) অপূর্ব হাসান জানিয়েছেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটকদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

কেএইচ