সেক্টর কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ এর পে-স্কেলের ন্যায় শ্রমিকদের মজুরি কমিশনসহ ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহের মোবাবরকগঞ্জ চিনিকল (মোচিক) শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন।
শনিবার সকাল ৮টার দিকে তারা যশোর-কুষ্টিয়া মহাসড়কে মিলের প্রধান ফটকে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। একই দাবিতে তারা গত ২৬ এপ্রিল ঝিনাইদহ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আতিয়ার রহমান, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী, সহ-সভাপতি আব্দুস সাত্তার, ক্রীড়া সম্পাদক ফজের আলী প্রমুখ।
বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আতিয়ার রহমান জানান, সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারীরা সব সময় বঞ্চিত হয়। তারা ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে।
এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পেশকৃত প্রস্তাবিত মজুরি স্কেল ২০১৫ ঘোষণা ও বাস্তবায়নসহ সংবিধানের ২৭ অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী সংস্থার সদর দপ্তরের কর্মচারীদের সঙ্গে সংস্থাধীন কারখানা সমূহের কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মধ্যে আর্থিক ও অন্যান্য বৈষম্য নিরসন, সংস্থাধীন কারখানা সমূহে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেলাও পেনশন বা মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পেনশন পদ্ধতিতে গ্রাচ্যুইটি নির্ধারণ, সংস্থাধীন কারখানা সমূহে কর্মরত নারী শ্রমিক কর্মচারীদের প্রসূতি ছুটি ৪ মাস থেকে ৬ মাসে উন্নীতকরণ, কারখানা সমূহে কর্মরত মুক্তিযোদ্ধা শ্রমিকদের অবসরের সময়সীমা বৃদ্ধি, শ্রমিক ও কর্মচারীদের সমন্বয়সহ
লাম্পগ্রান্ট সুবিধা প্রদান, পরিপত্র প্রজ্ঞাপন জারীর মাধ্যমে সংস্থার কর্মচারীদের ন্যায় কারখানা সমূহের শ্রমিকদের চলতি বছর থেকে নববর্ষ ভাতা প্রদান ও সমন্বয় সাপেক্ষে বর্তমানে আহরিত মজুরির ৫০% হারে মজুরি স্কেলের বিপরীতে অগ্রিম প্রদানের দাবি জানানো হচ্ছে।
এআই





