বগুড়ার মহাস্থানগড় সেতুর আগে দীঘলকান্দি এলাকায় ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে প্রায় ১৭জন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা হয়।

নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে শাওন পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটিতে অনেক যাত্রী ছিলেন। ছাদেও যাত্রীরা ছিলেন। দীঘলকান্দি এলাকায় একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে আরেকটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পুলিশ দুজনের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। বেলা একটার দিকে বাসটি সড়কের একপাশে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহতদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। দুর্ঘটনাস্থলে বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. খোরশেদ আলম ও অন্যরা গিয়েছেন।

এআই