ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোলানী সীমান্তে তিন সন্তানসহ অনিলা (৩০) নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটায় সীমান্তের ৩৭২ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনিলা ওই উপজেলার মুন্নাটুলি হাটপুকুর গ্রামের সহদেব ওরফে বিলাতুর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, দুই বছর আগে কাজের জন্য ভারতে যায় অনিলার স্বামী সহদেব। কিন্তু এরপর থেকে স্ত্রী-সন্তানদের সঙ্গে তার যোগাযোগ বন্ধ ছিল। এতে ‍অর্থকষ্টে দিশেহারা হয়ে স্থানীয় দালালের সহায়তায় পাঁচশ টাকার বিনিময়ে স্বামীর সন্ধানে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবি তাদের আটক করে।

ঠাকুরগাঁও-৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস বলেন, এ ঘটনায় থানায় ‍মামলা হয়েছে এবং আটকদের হরিপুর থানায় হস্তান্তর করেছে।

কেএইচ