প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেমন মা (খালেদা জিয়া), তেমন তার বেটা (তারেক রহমান)। তারা দুজনে মিলে দেশে অরাজকতা সৃষ্টি করছে।

আজ (সোমবার)বিকেলে বঙ্গবন্ধুরস্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামীলীগ আয়োজিত এক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, উনি (বেগম খালেদা জিয়া) গণমানুষের নেত্রী নন, তিনি জঙ্গিবাদের নেত্রী, জঙ্গির নেত্রী।

তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, এই দুই মা-বেটা মিলে দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের দিকে ঠেলে দিচ্ছে।

শেখ হাসিনা অভিযোগ করেন, জামায়াত নির্বাচনে আসতে পারেনি বলেই বিএনপি নির্বাচনে আসেনি। আর এই নির্বাচনকে খালেদা জিয়া ও তার পুত্রই শুধু অবৈধ বলে।

তিনি বলেন, নির্বাচনে না এসে খালেদা জিয়া ভুল করেছেন, তার মাসুল তাকে দিতে হবে, তার দলকে দিতে হবে।

শেখ হাসিনা অভিযোগ করেন, অবরোধের নামে বেগম খালেদা জিয়া জামায়াতকে সাথে নিয়ে মানুষ খুন করছে।

এই অবৈধ অবরোধ দেশের মানুষ মানে না এমন মন্তব্য করে শেখ হাসিনা আরও বলেন, উনাকে (খালেদা জিয়াকে) অবরুদ্ধ রাখার কথা বলা হচ্ছে, কে ওনাকে অবরোধ করেছে? উনি নিজেই বাসায় যাচ্ছেন না।

তিনি জিয়াউর রহমানের শাসনামলেরও কড়া সমালোচনা করেন। জিয়াউর রহমানের শাসনামলে একের পর এক ক্যু হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ওই সময় অনেক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল।

কেবি