নাটোরের বড়াইগ্রামে ১১৫০ বোতল ফেন্সিডিলসহ রাশিদুল ইসলাম (২২) নামে একজনকে আটক করেছে র্যাব।
শনিবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম বাইপাস মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ফেন্সিডিল বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে।
আটককৃত রাশিদুল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের আসাদ মন্ডলের ছেলে ও জব্দকৃত ট্রাকের হেলপার।
র্যাব-৫ বাগমারা ক্যাম্পের ইনচার্জ জামাল আল নাসের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম বাইপাস মোড়ে হোটেল বড়ালের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৪-৩৬৫০) তল্লাশী করা হয়।
তল্লাশী কালে ট্রাকের বডির নীচে বিশেষভাবে তৈরী গোপন কুঠুরীতে ১১৫০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ সময় ট্রাকের হেলপার রাশিদুল ইসলামকে আটক করা হলেও চালক কৌশলে পালিয়ে যায়।
যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা খালি ট্রাকটি বাইপাস মোড়ে ভাড়ার জন্য অপেক্ষমান ছিলো বলে জানা গেছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে।
এসএইচ





