হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল, শাড়ি, গরু, জিরাসহ ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ফেনসিডিলসহ দুই তরুণীকে আটক করে বিজিবি।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মাদকসহ এসব মালামাল উদ্ধার করে।

জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার সকালে বিষয়টি জানানো হয়।

আটককৃতরা হলেন; হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী নাজমা আক্তার (৪০) ও একই এলাকার রায়হানের স্ত্রী মোছা. আখী (২১)।

জানা যায়, বিজিবি অভিযান চালিয়ে ৫৫৪ বোতল ফেনসিডিল, ৩৪ টি শাড়ি, ১৩০ কেজি জিরা, ছয়টি গরু, চারটি শাটর্ পিস, একটি বাইসাইকেল উদ্ধার করে। এসব মালামালের বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ৩১ হাজার নয় শ টাকা।

ফেনসিডিগুলো ধ্বংসকরণের লক্ষ্যে বিজিবি ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। অন্যান্য মালামালগুলো সিজার লিষ্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে।

আটক দুই তরুণীকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কেএইচ