ভারত থেকে চোরাইপথে আসার সময় বেনাপোল সীমান্ত থেকে দুই ভারতীয়কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার বিকাল ৫টার দিকে বেনাপোল সীমান্তের বড় আঁচড়ার আবু সামের মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিকরা হলেন— নদীয়া জেলার চাকদহ থানার নারকেলডাঙ্গা গ্রামের ছয়রুদ্দিনের ছেলে জয়নাল মোল্লা (৩৮) ও রসুলপুর গ্রামের সাহেব আলীর ছেলে রাজু মণ্ডল (১৭)।
২৬ বিজিবি ব্যাটালিয়ন বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার জালাল উদ্দিন জানান, ভারতীয় দুই নাগরিক রুপিসহ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে— এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় বড় আঁচড়ার আবু সামের মোড় থেকে তাদের আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে এক লাখ ৫৯ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
কেএইচ





