মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডারগার্ড পুলিশের (বিজিপি) গুলিতে এক রোহিঙ্গাসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার দুপুর ১২ টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উখিয়ার রহমতের বিল এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুইজন হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা আমির হোসেনের ছেলে নুরুল ইসলাম (১৮) ও উখিয়ার রহমতের বিল এলাকার শাহাব মিয়ার ছেলে জয়নাল আবেদিন (১৭)।

আহতদের উখিয়ার কুতুপালং রেডক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরক্তি পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় গরু চরাতে গিয়ে মিয়ানমারের বিজিপির গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্তের সাথে লাগোয়া উখিয়ার বালুখালীর রহমত বিল এলাকার স্থানীয় আনোয়ার হোসেনের বাড়িতে রাখাল হিসেবে কাজ করতেন রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম ও স্থানীয় যুবক জয়নাল আবেদিন। তারা গরু চড়াতে গেলে সীমান্তের ওপার থেকে বিজিপি সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা দুইজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে খবর পেয়ে স্থানীয়রা তাদরে উদ্ধার করতে গেলে তাদেরকে লক্ষ্য করেও কয়েক রাউন্ড গুলি ছোড়ে বিজিপি। পরে গুলি বর্ষণ থামলে গুলিবিদ্ধদের উদ্ধার করে উখিয়ার রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি নিয়ে আসা হয়।

উখিয়া থানার ওসি (তদন্ত) খায়রুজ্জামান বলেন, গুলি বর্ষণের ঘটনায় একজন আহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খথিয়ে দেখে পরিষ্কার হওয়া যাবে কারা গুলি চালিয়েছিল।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি, তবে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল জানান, উখিয়ার সীমান্তের জিরো পয়েন্টের ওপার থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি কয়েক দফায় গুলিবর্ষণ করে। এতে দুজন গুলিবিদ্ধ হয়।

তিনি জানান, আহতদের উখিয়ার কুতুপালংস্থ রেডক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ লিপি পাঠানোর প্রক্রিয়া চলছে। এএস