আসন্ন ঈদে কাওরাকান্দি ঘাটে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। এছাড়াও বাড়তি ভাড়াসহ নানা অনিয়ম প্রতিরোধে ও ঘরমুখো মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে ঘাটে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সাথে ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে। এবারই প্রথম পদ্মা নদীতে নৌপুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে।

বুধবার বিকালে মাদারীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে শিবচরের কাওরাকান্দি ঘাটে বিভিন্ন নৌযান, যানবাহন, সংশ্লিষ্ট কত্তৃপক্ষের নিয়ে এক সভায় উল্লেখিত সিদ্ধান্তসহ প্রায় ৫০টি সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

আসন্ন ঈদে কাওরাকান্দি ঘাট হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে বুধবার বিকালে কাওরাকান্দি ঘাটে বিভিন্ন নৌযান, যানবাহন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ, পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, হাইওয়ে পুলিশ সুপার সাজিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, সহকারী পুলিশ সুপার এবি সিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হুসাইন, ওসি আঃ সাত্তার প্রমুখ।

সভায় উল্লিখিত সিদ্ধান্তসহ প্রায় ৫০টি সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম তালুকদারকে উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট ঘাট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

উপরে উল্লিখিত সিদ্ধান্ত ছাড়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো- ঈদের ৫ দিন পূর্ব থেকে ৫ দিন পর পর্যন্ত ঘাটে ভ্রাম্যমাণ আদালতসহ নিরাপত্তা ব্যবস্থা থাকবে, ঘাটে কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হবে, স্পীডবোটের প্রত্যেক যাত্রীর জন্য লাইফ জ্যাকেট রাখতে হবে, ২টি ফেরি সংযোজন হবে, মহাসড়কে কোন অবৈধ যানবাহন চলতে পারবে না, অতিরিক্ত যাত্রী বোঝাই করা যাবে না, নৌযান ও যানবাহনের মালিক সমিতির সদস্যদের ঘাটে উপস্থিত থাকাসহ ৫০টি সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই