নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও এক যুবক আহত হয়েছে।
আজ (০৩ সেপ্টেম্বর) মঙ্গলবার ভোরে ডিমলা উপজেলার কালীগঞ্জ সীমান্তে তিস্তা নদীর চরে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ বাবুল (২২)। তিনি ডিমলা উপজেলার কালীগঞ্জ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
আহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৩)। সেও একই গ্রামের গোলজার রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) ভোরে তিস্তা নদীর চরে ভুলক্রমে সীমান্ত অতিক্রম করলে ভারতের উড়ান বিএসএফ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাবুল ও সাইফুলের ওপরে এলোপাথাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ বাবুল নিহত এবং সাইফুল ইসলাম আহত হয়। পরে আহত সাইফুলকে উদ্ধার করে ভারতের মেখলিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বিএসএফ’র গুলিতে নিহতের ঘটনাটি স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে পারেননি।
এমবি





