যশোরের শার্শা উপজেলার কায়বা রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়।

এ নিয়ে গত পাঁচ দিনে শার্শা ও বেনাপোল সীমান্ত থেকে সাড়ে আট কোটি টাকার ভারতীয় কাপড়, ইমিটেশন, ওষুধ, মটরপার্টস ও খাদ্য সামগ্রী আটক করে বিজিবি।

ঈদকে টার্গেট করে চোরাচালানীরা ভারতীয় কাপড়সহ অন্যান্য সামগ্রী চোরাই পথে নিয়ে আসছে বলে বিজিবি জানায়।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জানান, সোমবার বিকেলে রুদ্রপুর সীমান্তে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কাপড়ের চালান ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১০ হাজার ৯৯২ মিটার থান কাপড়, ৭৯৬ পিস শাড়ি ও ১ হাজার ১১ পিস শার্ট পিস উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মূল্য দুই কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার করা পণ্য বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জেআই