চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে বিপুল পরিমাণ ভারতের কাপড় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

উপজেলার হাসাদহ গ্রাম থেকে বৃহস্পতিবার ভোরে ভারতের শাড়ি, থ্রি-পিচ ও থান কাপড় আটক করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর পরিচালক এস এম মনিরুজ্জামান শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কাপড় আটকের বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, চোরাকারবারিরা জীবননগর এলাকা থেকে ট্রাক যোগে ভারতীয় পোশাক নিয়ে যাচ্ছে- এমন সংবাদ পেয়ে জীবননগরের হাসাদহ এলাকায় বিজিবির সদস্যরা অবস্থান নেয়। চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাপড় ফেলে পালিয়ে যায়।

ট্রাক তল্লাশি করে অবৈধভাবে ভারত থেকে আনা ৫,২৮০টি শাড়ি, ১৩৭০টি থ্রি-পিচ, ৫৬০টি শার্টের কাপড়, ৬,৪৯০ মিটার থান কাপড় পাওয়া যায়। কাপড়ের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা।

আটক কাপড় স্থানীয় কাস্টমসের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

এমআর