অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক সংসদ আয়োজিত ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

শাহ মোয়াজ্জেম বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হলে বাংলাদেশ সেনাবাহিনীও এ নির্বাচন তত্ত্বাবধান করতে পারে। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হচ্ছে না। এটাকে ইলেকশন বলা যায় না, এটা হচ্ছে হারমাদি। যে কারনে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রায় সব ক’টিতে আওয়ামী লীগ জয়লাভ করবে। এক্ষেত্রে হয়তো বিএনপি ৫ শতাংশ জয়লাভ করতে পারে।

আয়োজক সংগঠনের সভাপতি চৌধুরী রাজিব হাসান রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমূখ।

এআইজে