ভারতের আসাম রাজ্যের নাগরিকদের চূড়ান্ত নামের তালিকা শনিবার (৩১ আগস্ট) প্রকাশ করা হয়েছে। এই তালিকা থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ।
তালিকা প্রকাশের পরপরই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সংলগ্ন সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্ক অবস্থান রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজেপির সদস্যরা। এছাড়া সীমান্তবর্তী থানার পুলিশও সতর্ক রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ হোসেন বলেন, “আসামের বিষয় মাথায় রেখেই বিজিবিকে সর্বোচ্চ সর্তক থাকার জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি আসামের পরিস্থিতি যদি কোনও সময় অবনতি হয় তাহলে সেদিকেও আমাদের নজরদারি আছে।”
তিনি বলেন, “সীমান্ত পথ কিংবা অন্য কোনও অবৈধ পথ দিয়ে যদি কোনও ভারতীয় নাগরিকদের পুশ-ইন করার চেষ্টা করা হয় তাহলে তা মোকাবিলা করার জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে বিজিবির। এছাড়া সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের বলা আছে তারা যাতে সর্তক থাকেন। ভারতীয় বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের কোনও তৎপরতা দেখার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পকে অবহিত করার জন্য বলা হয়েছে।”
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, “জেলা পুলিশের সীমান্তবর্তী থানাগুলো এমনিতেই সবসময় সর্তক থাকে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় তৎপর থাকে বিজিবি।”
আরও পড়ুন: চূড়ান্ত নাগরিক তালিকায় নেই ভারতীয় মুসলিম সেনা কর্মকর্তা
তিনি বলেন, “ভারতের আসামের বিষয়টা নিয়ে সিলেটের সীমান্ত এলাকাগুলোতে প্রভাব পড়ার কথা নয়। তবুও বিষয়টা পুলিশের মাথায় রয়েছে। কোনও কিছু হলে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা পুলিশের সবসময় রয়েছে।”আসামের ব্যাপারে আলাদা কোনও নির্দেশনা নেই বলে তিনি জানান।
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, আসামের বিষয়টা আমাদের নজরে রয়েছে। সেই অনুযায়ী আমাদের প্রাথমিক প্রস্তুতিও রয়েছে।
সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবু নাসের বলেন, আসামের বিষয় নিয়ে আমাদের কোনও নির্দেশনা দেওয়া হয়নি। তবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা সবসময় থাকে। যদি কোনও নির্দেশনা আসে তাহলে সেভাবেই পুলিশ কাজ করবে।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, এটা রাষ্ট্রীয় বিষয়। এর বাইরে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, শনিবার (৩১ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টার পর ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম বাদ পড়েছেন।
আসাম সরকারের কর্মকর্তারা বলেছেন, আজ স্থানীয় সময় সকাল ১০টায় রাজ্যের সব এনআরসি সেবাকেন্দ্রে এ তালিকা প্রকাশিত হয়েছে। এতে মোট বৈধ নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনকে। অন্যদিকে তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন। এই তালিকাটি অনলাইনে পাওয়া যাবে www.nrcassam.nic.in অথবা www.assam.mygov.in এই ঠিকানায়।
এমবি





