নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছ রোপন করেন।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী ঢাকায় পৌঁছেছেন। রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদের আমন্ত্রণে ২ দিনের রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় এলেন।

আজ (২২ মার্চ) সোমবার সকাল ১০টার দিকে বিদ্যা দেবী ও তার সফরসঙ্গীদের বহনকারী চার্টার্ড বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অভ্যর্থনা জানান। ২১ বার তোপধ্বনি দিয়ে নেপালের প্রেসিডেন্টকে বরণ করা হয়।

এটিই বাংলাদেশে নেপালের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম সফর। বিদ্যা দেবী ভাণ্ডারী ২২ ও ২৩ মার্চ দু’দিন ঢাকায় অবস্থান করবেন।

বিকালে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপরে তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক পর্বেরও আয়োজন করা হয়েছে।

সন্ধ্যায় নেপালের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পারস্পরিক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। উভয় রাষ্ট্রনেতার উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

আজ রাতেই রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ নেপালের প্রেসিডেন্ট এবং তার প্রতিনিধিদলের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন।

আগামীকাল (২৩ মার্চ) নেপালের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এরপর তিনি কাঠমান্ডু ফিরে যাবেন।

নেপালের প্রেসিডেন্টের প্রতিনিধিদলে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।

এমবি