কুয়াকাটা আলীপুর বন্দরে ভারত থেকে আসা অবৈধ চালানের একটি অংশবিশেষ ধরা খেয়েছে মাছধরা ট্রলারসহ কয়েক চোরাকারবারী দলের সদস্যরা।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে আলীপুরের কালাচানপাড়া এলাকা থেকে উদ্ধার অভিযানটি চালানো হয়েছে।

পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ভারতীয় ২৩ পিচ শাড়ী উদ্ধারসহ ৫ জনকে আটক করে । এরা হচ্ছে জাহিদ (২৫), রাসেল (২৫), খাইরুল (৪৫), বেল­াল (৩৫) ও শানু মিরা (৬৫)।

প্রত্যক্ষদর্শী ও কলাপাড়া থানার এসআই মো. ইদ্রিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডসহ তাদের যৌথ অভিযান পরিচালনার সময় আলীপুরের ইউসুফ কোম্পানীর মালিকানা এফবি তামান্না মাছধরা ট্রলার থেকে কয়েকজন দৌড়ে পালিয়েছে।

প্রত্যক্ষদর্শী একাধিক লোক জানিয়েছেন, পুলিশ ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী টুকু সিকদার একটি ব্যাগ নিয়ে সটকে পড়ে।

তাদের ধারণা, ওই ব্যাগে মাদক নিয়ে সে পালিয়েছে। পরে ওই ট্রলারটি এবং ২৩ পিচ ভারতীয় শাড়ীসহ ৫জনকে আটক করে থানা নিয়ে আসা হয়।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মাদক ও ভারতীয় শাড়ীর এ চালানটি বৃহস্পতিবার সন্ধ্যায় গলাচিপার পাটুয়া স্টেশনে আনলোড করা হয়।

সেখানে ট্রলার ভাড়ার চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ না হওয়ায় ২৩পিচ ভারতীয় শাড়ী রেখে দেয় ট্রলারে থাকা লোকজন। এরপর ট্রলারটি আলীপুর ঘাটে এসে পুলিশ ও কোস্টগার্ডের নজরদারীতে পড়ে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ