মালবাহী ট্রেনে করে পাচারের সময় নাটোর স্টেশন এলাকা থেকে লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রোববার (১৫ মে) দুপুরে এসব পণ্য জব্দ করা হয়।
গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক মোহম্মদ সুজন জানান, ভারতীয় পণ্য পাচার হয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে নাটোর স্টেশন এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল।
দুপুর পৌনে ১২টার দিকে সান্তাহার থেকে ঈশ্বরদীগামী মালবাহী একটি ট্রেন নাটোর স্টেশনে এসে থামে। পুলিশের দলটি স্টেশনের পশ্চিম পার্শ্বে অবস্থান নেয়।
চোরাকারবারীরা গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো দিক দিয়ে মালামালগুলো নামিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে।
যাওয়ার সময় প্লাটফরম সংলগ্ন রেল লাইনের ধারে কিছু পণ্য ফেলে যায় তারা। পরে পুলিশ ফেলে যাওয়া মালামালগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে ৮শ’ প্যাকেট চুলের কলপ, সুপার হ্যাজমল ও পাঁচশ পিস জনসন বেবী লোসান।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য ১ লাখ ২৬ হাজার টাকা। এ ব্যাপারে সদর থানায় বিকেলে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, নাটোর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, ভারতীয় অবৈধ মালামালগুলি স্টেশন প্লাটফরম থেকে দূরে রেল লাইনের পাশ থেকে পরিত্যক্ত অব্স্থায় উদ্ধার করা হয়।
ওএফ





