দিনাজপুরের হিলি সীমান্তে চার বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে তাদের আটক করা হয়।

তাদের মধ্যে ভারতে অনুপ্রবেশের পর পুনরায় দেশে ফেরত আসার সময় দুই যুবককে এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের ফিরোজের ছেলে সাগর (২৮), ফকিরপাড়া গ্রামের শুভল মল্লিকের ছেলে মিলন মল্লিক (২০), ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলার পদমপুর গ্রামের সোহরাবের ছেলে নাঈম (১৬) একই এলাকার ফটিক মিয়ার ছেলে হাসিবুল হাসান (১৬)।

আটক নাঈম ও হাসিবুল জানান, কয়েকদিন আগে তারা হিলি সীমান্ত এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল।

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, কয়েকদিন আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। আজ আবার দেশে ফেরার সময় সীমান্তের ফকিরপাড়া থেকে নাঈম ও হাসিবুল হাসানকে আটক করা হয়। এ সময় একই এলাকা থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে মিলন মল্লিককে আটক করা হয়।

এছাড়াও সীমান্তের রেলওয়ে স্টেশনের কামালগেট নামক এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় সাগরকে আটক করা হয়।

পরে আটক চারজনকে হাকিমপুর থানায় সোপর্দ করে বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলে জানান তিনি।

কেএইচ