বাংলাদেশে গুম বাড়ছে উল্লেখ করে তা বন্ধে সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা। তারা বলছেন, গুম বৃদ্ধির এ ধারা রুখতে এখনই সরকারকে পদক্ষেপ নিতে হবে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস অব দ্য হাইকমিশনারের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ইউএন ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপেয়ারেন্সেসের সদস্যরা এ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে তারা দাবি করেন, এখনো বাংলাদেশে ৪০ জন মানুষ নিখোঁজ আছেন। এ সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলেছেন, বেশ কিছু গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য র্যাবকে দায়ী করেছে কিছু সংবাদমাধ্যম।
বিবৃতিতে বলা হয়, আইন প্রয়োগকারী ও নিরাপত্তাবিষয়ক সংস্থাগুলোর বিরুদ্ধে মানুষকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। গুম হলো একটি জঘন্য অপরাধ ও মানবাধিকারের মর্যাদার বিরুদ্ধে এক অপরাধ। এর পক্ষে সাফাই গাওয়ার কোনো যুক্তিই থাকতে পারে না।
বিবৃতিতে গত বছর তিনজনকে আলাদাভাবে তুলে নেওয়ার প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, ওই তিনজনকে রাজধানী ঢাকা থেকে তুলে নেওয়া হয়েছে। তারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন।
এমবি





