বেনাপোলের পুটখালী সীমান্তপথে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশিকে আটক করেছেন ২৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারী আটক হননি। বৃহস্পতিবার বিকালে এ আটকের ঘটনা ঘটে।
চামড়া পাচার প্রতিরোধে গত সোমবার থেকে বেনাপোল সীমান্তে রেড এলার্ট জারি করা হয়। এর মধ্যেও পাচারকারীরা প্রশাসনকে ম্যানেজ করে নারী-পুরুষ পারাপার ও পাচার করছেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দালালের মাধ্যমে চিকিৎসা ও বেড়ানোর কাজে ভারতে যাচ্ছিলেন। এ সময় বিজিবি’র সদস্যরা পুটখালীর মসজিদপাড়া পোস্ট থেকে তাদের আটক করেন। অভিযানের সময় দালালরা আগে থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
আটককৃতরা হচ্ছেন, যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকুমরা গ্রামের কানাই দাসের ছেলে ভরৎ দাস (৫৫), ভরৎ দাসের ছেলে যতিন দাস (৩০), গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার উড়াকান্দি গ্রামের মনিমহনের ছেলে তারক বিশ্বাস (১৯), খুলনার বাটিয়াঘাটা উপজেলার উত্তর মৈলমাড়া গ্রামের মৌলেন ঘোষের ছেলে সমির ঘোষ (৩৬), পূর্ণ চরনের ছেলে রবিন বৈরাগী (৬০), তেরখাদা উপজেলার খরবাড়িয়া গ্রামের দিলীপ দাসের ছেলে জয়দাস (২৫) ও আসমত মোল্লার ছেলে সাগর মোল্লা (২০)।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাওছার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।
জেইউ