বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আরও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার (১৯ মার্চ) রাত ২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দৃষ্টি পরিবহন নামের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত ১২ ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে দুইজন হাসপাতালে পৌঁছার আগেই মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশের দশমাইল ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ থাকলেও কিছু সময় পরেই পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়। বাস দু'টি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এমবি