ঝিনাইদহের নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নারীর নাম কোমেলা খাতুনের (৬০) বলে জানা যায়।

শুক্রবার সকাল ৮টার দিকে শহরের আরাপপুর এলাকা সংলগ্ন পশ্চিমপাড়ার বুড়ির বাগান ঘাট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত কোমেলা খাতুন সদর উপজেলার খাজুরা গাংপাড়ার মন্টু আলীর স্ত্রী।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায় কোমেলা খাতুন। তারপর থেকেই নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি।

একপর্যায়ে শুক্রবার সকালে শহরের আরাপপুর পশ্চিমপাড়ার বুড়ির বাগান ঘাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল বলেন, ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে কোমেলা খাতুনের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

এসএইচ