বেনাপোল সীমান্ত থেকে ৪২২ বোতল ফেনসিডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৪ জুলাই) বেনাপোল সীমান্তের শিখড়ী মাঠ থেকে এ মাদকদ্রব্য জব্দ করেন ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে ভোরে বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়টি টের পেয়ে ভারত সীমান্তবর্তী এলাকা শিখড়ি মাঠে ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যান পাচারকারীরা। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মনির হোসেন বলেন, জব্দ হওয়া মাদকদ্রব্য জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেখ নাছিরউদ্দিন/এসএম