ঢাকা: বিএনপি নেত্রী খালেদা জিয়া গতকাল সংবাদ সম্মেলনে  আন্দোলনের ঘোষণা না দিয়ে কী ফন্দি আটছেন এ নিয়ে আওয়ামী লীগ সান্ধিহান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত “খালেদা জিয়ার অপ-রাজনীতি এবং শেখ হাসিনা সরকারের যাত্রা শুরু” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,সকল বাধা উপেক্ষা করে দশম জাতীয় সংসদ গঠন হয়েছে। নতুন ও প্রবীণদের দিয়ে একটি গতিশীল মন্ত্রীসভা গঠন করা হয়েছে। নতুন এ মন্ত্রী সভা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন,সংবাদ সম্মেলনে খালেদা জিয়া তার আগের বৈশিষ্ট্য ধরে রেখে মিথ্যার ফুলঝুড়ি সাজিয়েছেন। বিএনপির রাজনীতি মিথ্যার উপর দাড়িঁয়ে আছে।
হাসান মাহমুদ বলেন, গতকাল খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন গত ৫ বছরে বাংলাদেশ পিছিয়ে পড়েছে। তার এ বক্তব্য অজ্ঞতার বহি:প্রকাশ খালেদাকে অনুরোধ জানিয়ে তিনি বলেন,  আপনি একটু পড়াশুনা করেন তাহলে জানতে পারবেন দেশে কত উন্নয়ন হয়েছে। আন্তর্জাতিক বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংগঠনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এগিয়েছে। এগুলো না জানলে আমি বলবো আপনি অর্থনীতি বোঝেননা।
সংখ্যালঘুদের নিয়ে খালেদা জিয়ার গতকালের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন,তিনি শর্প হয়ে দংশন করেন ওঁঝা হয়ে ঝাঁড়েন। খালেদা জিয়ার এখন ওঁঝা রূপে আবির্ভূত হয়েছেন। কারণ তার নেতৃত্বে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে অথচ এখন তিনি তাদের প্রতি মায়া দেখাচ্ছেন।
সাবেক এ মন্ত্রী বলেন, ট্রেনের ফিসপ্লেট খুলতে গিয়ে রাজনৈতিকভাবে বিএনপিই এখন লাইনচ্যুত হয়েছে। আমরা চাই তারা আবার রাজনীতিতে ফিরে আসুক।
তিনি আরও বলেন, জামায়াতকে ছেড়ে বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে আলোচনায় আসলে বিএনপির সাথে অর্থবহ আলোচনা হতে পারে।
ধানমণ্ডি থানা মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রজম্ম লীগের সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়,বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।