বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি। রাত ১১টা ১৫ মিনিটের দিকে গুলশানের ফিরোজার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জিয়ারতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির এক নেতা জানান, “ম্যাডাম হঠাৎ জানান যে তিনি কবর জিয়ারত করবেন। এরপর তাৎক্ষণিকভাবে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। এজন্য আগে থেকে কাউকে জানানো হয়নি।”

আরেক নেতা বলেন, “ম্যাডাম হঠাৎ করে কেন কবর জিয়ারত করতে গেছেন, তা জানা যায়নি। ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে তিনি শেষবার কবর জিয়ারত করেছিলেন। অসুস্থতা ও দীর্ঘ চিকিৎসার কারণে মুক্তির পর আর যেতে পারেননি।”

তিনি আরও জানান, বর্তমানে খালেদা জিয়া আগের তুলনায় শারীরিকভাবে অনেকটা সুস্থ আছেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, “রাত ১১টার আগে খালেদা জিয়া শহীদ জিয়াউর রহমানের কবরে কুরআন তিলাওয়াত করতে আসেন। রাত ১১টা ১৫ মিনিটের দিকে জিয়ারত শেষে তিনি ফিরোজায় ফিরে যান।”

এর আগে রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো এবং তিনি কিছুটা খাওয়া-দাওয়া করতে পারছেন।

তিনি আরও বলেন, “চিকিৎসার জন্য ম্যাডামকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়া গেলে তাকে বিদেশে নেওয়া হবে।”

এনএইচ